হামাসকে অস্ত্রসমর্পণের প্রস্তাব গ্রহণের জন্য এই সপ্তাহের শেষ পর্যন্ত সময় দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠন করা কথিত ‘গাজা বোর্ড অব পিস’। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক এ সংস্থা যুদ্ধোত্তর গাজা অঞ্চলের ব্যবস্থাপনা দেখভাল করছে, ইরানের যুদ্ধ চলাকালীনও এর পুনর্গঠন এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে অবগত তিনজন সোমবার (৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।
গাজা বোর্ড অব পিসের উচ্চ প্রতিনিধিত্বকারী নিকোলাই ম্লাদেনভ শুক্রবার কায়রোতে হামাসের শীর্ষ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন। দুজন আরব কূটনীতিক এবং একটি তৃতীয় সূত্র জানিয়েছে, এই সশস্ত্র গোষ্ঠীকে জানানো হয়েছে যে গাজা তদারকি বোর্ড এই সপ্তাহের শেষ পর্যন্ত একটি অস্ত্রসমর্পণ চুক্তি সম্পন্ন করতে চায়।
সূত্রগুলো পরিচয় গোপন করে স্পষ্ট করেছে যে, অস্ত্রসমর্পণ প্রস্তাবে ছোটখাট সংশোধনী বিবেচনা করা হবে, কিন্তু হামাস যদি মৌলিক পরিবর্তনের অনুরোধ করে, তা গ্রহণযোগ্য হবে না।
একজন আরব কূটনীতিক বলেছেন, ম্লাদেনভ বিশ্বাস করেন যে ট্রাম্পের গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার দ্বিতীয় ধাপ এগিয়ে নেওয়া সম্ভব। তবে তিনি স্বীকার করেছেন যে মধ্যপ্রাচ্যের মধ্যস্থতাকারী দেশগুলো—মিশর, কাতার ও তুরস্ক—এরকম আশাবাদী নন।
মধ্যস্থতাকারীরা হামাসকে মার্কিন সমর্থিত অস্ত্রসমর্পণ প্রস্তাব গ্রহণের জন্য চাপ দিচ্ছেন, কিন্তু এই সশস্ত্র গোষ্ঠী ‘গুরুত্বপূর্ণ শর্ত ছাড়া সম্ভবত ‘হ্যাঁ’ বলবে না,’ কূটনীতিক উল্লেখ করেছেন।
তিনি আরও যোগ করেন, এমনকি তারা হ্যাঁ বললেও, ইসরাইল সম্ভবত তা মানবে না, কারণ নির্বাচনের বছরের মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে সরে আসার বিষয়টি অনুমোদন করবেন না। তার জোট অংশীদাররা গাজায় স্থায়ী ইসরাইলি উপস্থিতি বজায় রাখার পক্ষে।
কায়রোতে শুক্রবার বৈঠকে হামাসের কর্মকর্তারা সরাসরি অস্ত্রসমর্পণ প্রস্তাব প্রত্যাখ্যান করেননি, যা ম্লাদেনভ গত মাসে তাদের সামনে উপস্থাপন করেছিলেন।


